বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফয়সালকে বাঁচাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মা।
আজ বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ফয়সাল স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে মা বাঁচাতে দৌড়ে যান। ফয়সালকে স্পর্শ করার পর তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(এস/এসপি/মে ০৬, ২০২৬)
