দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জাহানারা আজিজ মেনশনের নিচতলায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম জাফর হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় ফরিদপুর অঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে। এখন থেকে প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন কাজের জন্য শিক্ষার্থীদের আর গাজীপুরে যেতে হবে না। ফলে সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় হবে।

বক্তারা বলেন, নতুন এ আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার কলেজ ও শিক্ষার্থীরা দ্রুত সেবা পাবেন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক শাখা হিসেবে কার্যক্রম শুরু করল।

তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছিল। তবে দীর্ঘ সময়ে বিভিন্ন জটিলতায় শিক্ষা কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। নতুন উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলা, সাহিত্যচর্চা, কারিগরি শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ, প্রতিটি উপজেলায় লাইব্রেরি স্থাপন এবং যুব সমাজকে খেলাধুলামুখী করতে খেলার মাঠ তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

(ডিসি/এসপি/মে ০৭, ২০২৬)