রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় মাদ্রাসা থেকে ফিরে কাপ্তাই খালের পানিতে ডুবে হাবীবুর রহমান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবীবুর রহমান ওই এলাকার বাসিন্দা নাজের আহম্মদের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু হাবীব সকালে মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফিরে আসে। বাড়িতে এসে দাদীকে দেখতে না পেয়ে সে খুঁজতে খুঁজতে পার্শ্ববর্তী কাপ্তাই খালের পাড়ে চলে যায়। একপর্যায়ে পরিবারের অগোচরে সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়।

দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা বাড়লে স্থানীয়রা কাপ্তাই খালের পানিতে হাবীবের দেহ ভাসতে দেখেন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

পরীক্ষা শেষে বাসায় ফিরে দাদীকে খুঁজতে গিয়ে না ফেরার দেশে চলে যাওয়ায় পুরো হাজী পাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এসপি/মে ০৭, ২০২৬)