শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে  ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদ। ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য যানবাহন ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন দিনাজপুর জেলা ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের নেতারা। দিনাজপুরে টোলের নামে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে  ট্রাকসহ সংগঠনের সদস্যচালিত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে, ট্রাক টার্মিনালে টোল আদায়ে ব্যর্থ হয়ে সড়কে টোল আদায়ে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন দিনাজপুর পৌরসভার প্রশাসক।

দিনাজপুর জেলা ট্রাক-মালিক শ্রমিক যৌথ পরিষদের সভাপতি ও দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ এবং সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সাদাকাতুল বারীর সই করা চিঠির অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ট্রাক টার্মিনালের পরিবর্তে সড়ক-মহাসড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজি শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ২ জন কর্মচারী এবং আরও ২ জন বহিরাগতকে দেওয়া হয়েছে চাঁদা আদায়ের দ্বায়িত্ব।

অভিযোগে আরও বলা হয়, এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে আপত্তি জানিয়েও বন্ধ হয়নি চাঁদাবাজি। চাঁদা আদায়ে বাধা দেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে পৌর প্রশাসন।

বিষয়টি নিয়ে গত ৫ মে ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের সভায় মিলিত হয়েছিলেন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। সড়কে চাঁদাবাজি বন্ধ করা না হলে আগামী ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য উভয় সংগঠনের সদস্যচালিত ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টর চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অন্যদিকে, গতমাসে ১২ তারিখে দিনাজপুর পৌরসভার দ্বায়িত্বে থাকা প্রশাসক রিয়াজউদ্দিনের সই করা চিঠিতে বলা হয়েছে, ট্রাক টার্মিনালে টোল আদায়ে ইজারাদার নিয়োগে স্থানীয় এবং জাতীয় দৈনিক সংবাদপত্রে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ দফায় টেন্ডার আহ্বান করা হয়েছিল, কিন্তু কেউ দরপত্র দাখিল করেননি।

গত ৩০ মার্চ তারিখে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ এপ্রিল ইস্যু করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, টার্মিলালের খাস টোল আদায় করার জন্য পৌরসভার বাজার পরিদর্শক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আদায়কারী শামিম আহমেদ এবং ২ জন ট্রাক শ্রমিক রাশেদুজ্জামান রাশেদ ও শহিদ জামিলকে নিয়ে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে টোল আদায়ে বাধা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধকতার কারণে ১৪৩২ বঙ্গাব্দে টোল আদায় করা যায়নি। এতে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গঠিত কমিটিকে খাস টোল আদায়ে বাধা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টোল আদায়ে সহযোগিতা চাওয়া হয়েছে ওই চিঠিতে বলে যানা গেছে।

(এসএএস/এএস/মে ০৮, ২০২৬)