পাবনায় অস্ত্র ব্যবসায়ীর স্বীকারোক্তিতে উদ্ধার উন্নতমানের বার্মিজ ওয়ান শুটার গান
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনায় এক অস্ত্র ব্যবসায়ীর স্বীকারোক্তির ভিত্তিতে উন্নতমানের একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের টিনশেড গোয়ালঘরে রাখা গোবরের ঘষির বস্তার ভেতর থেকে গানটি উদ্ধার করা হয়েছে। দায়িত্ব গ্রহণের দিনই অস্ত্র উদ্ধারে অভিযানে নেমে সফলতা পাওয়ায় নবাগত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহর এ পদক্ষেপ আলোচনায় এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল পাবনা সদর উপজেলার শুকচর গ্রামের আবুল হোসেনের ছেলে ও চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৬)-কে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
তদন্তের স্বার্থে জাহাঙ্গীর হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও আসামির দেখানো স্থান অনুযায়ী অভিযান চালিয়ে শুকচর গ্রামের ওই গোয়ালঘর থেকে আরও একটি উন্নতমানের বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
পাবনার নবাগত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, “পাবনা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অস্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি।”
(এসকেকে/এসপি/মে ০৮, ২০২৬)
