রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে 'মানবিকতায় ঐক্যবদ্ধ' প্রতিপাদ্যে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন ও কেক কেটে উদযাপিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

আজ শুক্রবার সকালে জাতীয় ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। রেডক্রিসেন্ট কার্যালয়ে এ পতাকা উত্তোলন করেন রেডক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, রেডক্রিসেন্টের আজীবন সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, যুবনেতা জিয়াউল হক জিয়া, বুলবুল জেনারেল হাসপাতালের কর্ণধার আশরাফুল ইসলাম বুলবুল প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধ-দুর্যোগ-মহামারিসহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে অকুণ্ঠ চিত্তে মানবতার হাত বাড়িয়ে দেন রেডক্রিসেন্টের সদস্যরা। জামালপুরেও এর ব্যতিক্রম নেই! বন্যা ও সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে এ ইউনিটের সদস্যরা কাজ করেছে সবসময়ই। অসহায় ও পীড়িত মানুষের সহায়তায় রেডক্রিসেন্ট প্রতিশ্রুতিবদ্ধ। সারাবিশ্বেই জ্বলছে এই মানবতার আলো। মানবতার চেতনাকে হৃদয়ে লালন করে গড়ে তুলতে হবে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ।

মানববন্ধন শেষে জেলা ইউনিট কার্যালয়ে কেক কেটে রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি হেনরি ডুনান্টের জন্মদিন উদযাপন করা হয়।

(আরআর/এসপি/মে ০৮, ২০২৬)