মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : খাল পাড়ের বাড়ী ঘরে ভাঙন রোধে খাল দিয়ে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেনা বালুবাহি বাল্কহেড চালকরা। এতে ব্যাপক ক্ষতির হচ্ছে লৌহজংয়ের ডহরি-বালিগাও-তালতলা খাল পাড়ের দুপাশের মানুষের ঘরবাড়ি। 

আজ শুক্রবার সকালে লৌহজং উপজেলা প্রশাসন এক অভিযান চালিয়ে ৫টি বাল্কহেড জব্দ করেছে। তবে এর মালিক না পাওয়ায় এদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেবার প্রস্তুতি চলছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানকে সাথে নিয়ে শুক্রবার সকাল হতে ওই খালে অভিযান পরিচালনা করে। এতে ৫টি বাল্কহেড জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অন্যান্য বাল্কহেডগুলো তাক্ষনিক তাদের বাল্কহেড চলাচল বন্ধ করে দেয়।

লৌহজং উপজেলা নির্বাহী কমৃকর্তা ফারজানা ববি মিতু জানান, লৌহজংয়ের ডহরি, টঙ্গীবাড়ির বালিগাও, সিরাজদিখান হয়ে এ খালটি বেরিয়ে গেছে ধলেশ্বরী নদীতে। পদ্মা নদী মুখ হয়ে লৌহজংয়ের ডহরি দিয়ে বালুবাহি বাল্কহেডগুলো সম্প্রতি চলাচল করছিল এ খাল দিয়ে। এমন খবরের ভিত্তিতে শুক্রবার এ খালের খিদিরপাড়া-নরসিংহপুর এলাকায় অভিযান চালানো। এ সময় ৫টি বাল্কহেড জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে বাল্কহেডের লোকজন পালিয়ে গেলে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে।

তিনি আরও জানান, খালপাড়ের বাড়িঘর ভাঙন রোধে এ খাল দিয়ে বাল্কহেড চলাচল নিষিদ্ধ রয়েছে। একাধিক উপজেলার নদীপথ ব্যবহার হওয়ায় সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেয়া হবেনা।

(এমকে/এসপি/মে ০৮, ২০২৬)