লেবাননে নিহত দিপালী আক্তারের দাফন সম্পন্ন
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি: লেবাননের রাজধানী বৈরুত এর হামরা এলাকায় ইসরায়েলের বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশী নাগরিক দিপালী আক্তারের জানাজা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোল্লার ডাংগি গ্রামে দীপালির বাবার নিজস্ব জমিতে তার দাফন সম্পন্ন হয়।
সকাল ৮ টা ৪০ মিনিটে দিপালী'র মরদেহ বাড়িতে এসে পৌঁছলে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন জানান, দিপালী চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী বেষ্টিত চর শালেপুর গ্রামের মুকা শেখ এর মেয়ে। জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি দিয়েছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতে বোমা বিষ্ফোরণে গত ৮ এপ্রিল লেবাননে প্রাণ হারান দীপালী বেগম। প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার মরদেহ ঢাকা এসে পৌঁছায়। পরে শুক্রবার সকালে মরদেহ নিজ বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে আনা হয়। প্রবাসী কল্যান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দিপালীর মরদেহ দেশে আনার ব্যাবস্থা করা হয়েছে, পরবর্তীতে এই পরিবারের যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যান মন্ত্রণালয় তাদের পাশে থাকবে।
(ডিসি/এসপি/মে ০৮, ২০২৬)
