লৌহজংয়ে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ হবে। আজ সোমবার উপজেলার হল পট্টি সংলগ্ন 'ঘরের হাট' নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে ঘরের হাট এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরনে ছিল ধূসর রঙের শার্ট এবং গাঢ় নীল রঙের একটি জ্যাকেট। মরদেহের মাথার পেছনে গভীর ক্ষত এবং রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়। যা থেকে ধারণা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে অথবা কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
লৌহজং থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, খবর পেয়ে লৌহজং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের কাছে কোনো পরিচয়পত্র বা শনাক্তকারী নথিপত্র না থাকায় এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মুনসীগঞ্জ জেনারেল হাসপাতালেপাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে। কেউ নিখোঁজ থাকলে দ্রুত লৌহজং থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
(এমকে/এসপি/মে ১১, ২০২৬)
