বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে ব্যবসার প্রায় ৮ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক কাপড় ব্যবসায়ী।

অভিযোগকারী উপজেলার গোসাইবাড়ী এলাকার কালু প্রমানিকের ছেলে মোঃ জিন্নাহ (৩৬)। তিনি অভিযোগে উল্লেখ করেন, ২০১০ সালে নারায়ণগঞ্জে একটি সুতা কোম্পানিতে চাকরিরত অবস্থায় বরগুনা জেলার আমতলী উপজেলার কলার চর এলাকার দেলোয়ার হোসেন এর মেয়ে মোছাঃ শিরিনা আক্তারকে বিয়ে করেন। প্রথমদিকে পারিবারিকভাবে বিয়ে মেনে না নিলেও পরবর্তীতে তা মেনে নেওয়া হয়। তাদের সংসারে সানজিদ নামে ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও জানান, বিয়ের পর বিভিন্ন সময় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ ও গাজীপুরে বসবাস করেন। পরে বগুড়ায় চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করেন। প্রায় সাত মাস আগে সৈয়দ আহম্মেদ কলেজহাট সংলগ্ন হক সুপার মার্কেটে “সানজিদ ফ্যাশন ওয়ার” নামে একটি কাপড়ের দোকান চালু করেন। এতে তিনি প্রায় ১৪ লাখ ৫৭ হাজার টাকা বিনিয়োগ করেন।চাকরির কারণে দোকানে নিয়মিত সময় দিতে না পারায় তিনি তার শ্যালক মোঃ রাজিব হাসানকে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দেন।

অভিযোগে তিনি বলেন, এক পর্যায়ে দোকান থেকে ধাপে ধাপে প্রায় ১৫ লাখ টাকার মালামাল সরিয়ে নেওয়া হলেও সঠিক হিসাব পাননি। সর্বশেষ গত ৫ই মে ভোরে স্ত্রী ও শ্যালক যোগসাজশ করে দোকানের আনুমানিক ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলেও অভিযোগ করেন তিনি। স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান।

এদিকে জিন্নাহ এর সালা রাজিব হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি পুরো বিষয়টি শুনে এড়িয়ে যান।

জিন্নাহ শ্বশুর দেলোয়ার এর সাথে যোগাযোগ করে টাকা আত্মসাতের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে আমাদের অবাধ্য তাই এ কাজ তার দ্বারা ঘটতেই পারে।

বিষয়টি জানতে তার স্ত্রী শিরিনা বেগমকে ফোন দিলেও তিনি ফোনটি কেটে দেন।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/মে ১১, ২০২৬)