ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব প্রদান করেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

অভিযান চলাকালীন বড় বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে 'মেসার্স বাশার স্টোর' নামক একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন। অভিযান চলাকালে বড় বাজারের অন্যান্য দোকান মালিক ও ব্যবসায়ীদের পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং অবৈধ পলিথিন মজুদ বা বিক্রয় না করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্যের সক্রিয় সহযোগিতায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি নির্দেশ বাস্তবায়নে নীলফামারী জেলায় নিষিদ্ধ পলিথিন বিরোধী এ ধরনের নিয়মিত অভিযান ও তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।

(ওআরকে/এসপি/মে ১২, ২০২৬)