ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামে পিটুনিতে নিহত মিলন হাওলাদার (২৮) হত্যা মামলার তিন আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১১ মে) বিকেলে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—বেল্লাল হাওলাদার, হারুন হাওলাদার ও শাহআলম হাওলাদার। তারা নলছিটির শংকরপাশা এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ মার্চ বৃহস্পতিবার সকালে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় পূর্ব বিরোধের জেরে আসামিরা মিলন হাওলাদারকে বেধড়ক মারধর করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তার মৃত্যু হয়। নিহত মিলন একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। অবশেষে র‍্যাবের সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আলম জানান, “আমাদের অনুরোধে র‍্যাব-৩ ও র‍্যাব-৮ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার শাহবাগ এলাকা থেকে ওই তিন আসামিকে গ্রেফতার করেছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। নলছিটিতে আনার জন্য আমাদের একটি পুলিশ দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।”

মিলন হত্যার ঘটনায় এলাকায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

(এস/এসপি/মে ১২, ২০২৬)