ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও এখন থেকে ঈদ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান আজ (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার বিষয়ে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারির জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
(ওএস/এএস/মে ১৩, ২০২৬)
