হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : ঝিনাইদহে একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। সে পাগলাকানাই মোড়ের সাবুর হোটেলে রান্নার কাজ করতেন।

বাসার মালিক বেবি খাতুন জানান, এক সপ্তাহ আগে তার বাসা ভাড়া নেন খুশি খাতুন। সোহাগ হোসেন নামের এক রিকসা চালককে তার স্বামী দাবী করে তাকে নিয়ে বাসায় থাকেন খুশি। মঙ্গলবার রাত ১০ টার দিকে হোটেল থেকে কাজ শেষে স্বামীর সাথে বাসায় আসে সে। বুধবার সকালে অনেক বেলা হলেও খুশি বের না হলে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখতে পান বাইরে থেকে ছিটকিনি লাগানো আর পেছনের দরজা খোলা। তারা দরজা খুলে দেখতে পায় খুশির মরদেহ বিছানায় পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ওই যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে খুশিকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

(এইচআর/এসপি/মে ১৩, ২০২৬)