ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক কারাগারে
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন সহ নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, এক ভুক্তভোগীর আইনগত পদক্ষেপের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
অভিযোগ রয়েছে, আব্দুল বাসার ইউএনও’র স্বাক্ষর জাল করে অতীতে ব্যাংক থেকে প্রায় ১ লাখ টাকা উত্তোলন করেন। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন কাজের কাগজপত্রে জালিয়াতি ও অনিয়মের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় বাদী হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ পলাশ মিয়া।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ সংক্রান্ত মামলায় আব্দুল বাসারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে গত বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, আব্দুল বাসার দীর্ঘদিন ধরে গোপনে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে একাধিকবার বাধা দেওয়া হলেও কোনো ফল হয়নি। ক্ষমতার প্রভাব খাটিয়েই তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তারা।
(বিএস/এসপি/মে ১৩, ২০২৬)
