গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামে সর্দারপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ৩ টন বোরো হাইব্রিড ধান সংগ্রহ করে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিল্লাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ও ১ হাজার ৪৪০ টাকা মন হিসেবে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। তার মধ্যে ০.০৫% টাকা কর্তন করে কৃষকদের টাকা দেয়া হবে। চলতি মৌসুমে টুঙ্গিপাড়া থেকে ৯৫৩ টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর।

(টিবি/এসপি/মে ১৩, ২০২৬)