সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাগান মালিক আজিজুল মোল্যা (৬২) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে বাগান থেকে লিচু পারার সময় পার্শ্ববতী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীকে বাঁধা দেয় বাগান মালিক আজিজুল মোল্যার ছেলে আকরাম মোল্যা। এসময় আকরাম মোল্যাকে মারধর করে তারা। সন্ধ্যায় আজিজুল মোল্যা বাজারে গিয়ে ছেলেকে মারধরের বিষয়টি জানতে চাইলে তর্কের একপর্যায়ে তার উপর হামলা চালায় তুষার ও সাকিলসহ পরিবারের লোকজন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাঁশ দিয়ে বেরধড়ক মারপিট করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বৃদ্ধ আজিজুল। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে হামলার খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট একটি বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এএনএইচ/এএস/মে ১৪, ২০২৬)
