মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বালু বহনকারী ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী মারা গেছে। বুধবার (১৩ মে) বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় ঢাকা নেয়ার পথে রাত ৮ টার দিকে মারা যান।
নিহত সূর্য্য মোল্লা (২২) মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার রেজাউল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন সূর্য্য মোল্লা। মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় আসলে উল্টো পথে আসা বালুবহনকারী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আরোহী সুর্য্য মোল্লা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ট্রাকটি উল্টো পথে আসার কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে
(এএসএ/এসপি/মে ১৪, ২০২৬)
