আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : আহমেদ ইসমাম  ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা প্রাঙ্গণেই মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের ঘটনা ঘটেছে। মুহুর্তেই এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। 

বুধবার ঠাকুরগাঁও সদরের সালন্দর সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসায় স্ত্রী লাভলী বেগমকে নির্যাতনের পর থেকেই পলাতক রয়েছে তার স্বামী ও ওই মাদ্রাসার প্রধাণ শিক্ষক আজহারুল ইসলাম। আজ বৃহস্পতিবার এ বিষয়ে মাদ্রাসার সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অবিভাবকরা। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তালা ঝুলিয়ে দেন মাদ্রাসার প্রতিটি দরজায়। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানাযায়, সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রধাণ াশক্ষক আজহারুল ইসলামের সাথে ২০০০ সালে বিবাহ হয় সালন্দর এলাকার সোলেমান আলীর মেয়ে লাভলী বেগমের। এর পরে তাদের দুটি সন্তান হয়। কিন্তু তাদের পারিবারিক বিভিন্ন বিষয়ে নিজেদের সিদ্ধান্ত চাপাতে থাকে লাভলী বেগমের স্বামীর পরিবারের লোকেরা। লাভলী প্রতিবাদ করলে স্বামী আজাহার সহ ভাই আলীম, জাহাঙ্গির ও বোন আসমা এবং নাজমা তাদের ওপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। কিছুদিন পর পরই এ ধরনের ঘটনা ঘটতে থাকলে সম্প্রতি এরকম ঘটনা আবারো ঘটলে এর প্রতিবাদ করে লাভলীর ছেলে জুবায়ের ও মেয়ে আখি। আজাহার ও তার ভাই বোনেরা লাভলী ও তার সন্তানদের ওপরেও পাশবিক নির্যাতন করে। গত বুধবার স্ত্রী লাভলীর ওপর নির্যাতন করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার বিক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণে এর প্রতিকার চেয়ে মানববন্ধন করে এবং ওই মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও তার ভাই বোনদের সাধে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সকলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, এর আগেও আমাদের কাছে সংশ্লিষ্ট বিষয়ে ওই শিক্ষক ও তার ভাই বোনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। সম্প্রতি তিনি যে ঘটনা ঘটিয়েছেন তাতে এলাকাবাসী বেশ বিক্ষুব্ধ হয়েছে এবং মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো এবং সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

(এআই/এসপি/মে ১৪, ২০২৬)