ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাসিমা (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পাতিবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর হিজলপল্লী এলাকার বাসিন্দা মামুনের স্ত্রী।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, পারিবারিক কলহের জেরে নাসিমা বাড়ি থেকে চুপিসারে বের হয়ে ঘটনাস্থলে যান। পরে পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

(এসকেকে/এসপি/মে ১৭, ২০২৬)