বিকাশ স্বর্ণকার, সোনাতলা : পবিত্র ঈদ-উল-আযহার আর মাত্র ১০ দিন বাকি। ইতিমধ্যেই ঈদকে সামনে রেখে কোরবানি কেনার ধুম পড়েছে হাট-বাজারে। ঈদ-উল-আযহার কোরবানি কেনাকাটা নির্বিঘ্ন করতে, সড়কে ছিনতাই, চুরি, মলম পাটির দৌরাত্মরোধ সহ অপরাধ প্রবণতারোধ করতে বগুড়ার সোনাতলা থানা পুলিশ উপজেলা ব্যাপী বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের কৌশলগত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। তারা জনগণকে নিরাপত্তা দিতে সন্ধ্যার পরপরই পুলিশ পিকআপ ভ্যান সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল যোগে বেরিয়ে পড়ে ঝুঁকিপূর্ণ সড়কে,সারারাত রণটহল ও পাহারা শেষে ফিরছে ভোর রাতে। শুধু পুলিশ বাহিনী নয়, পাশাপাশি গ্রাম পুলিশের সদস্যরাও রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছেন। ফলে এখন আর সড়কে প্রতি বছরের মত ছিনতাই, ডাকাতি কিংবা চুরি যাওয়ার খবর পাওয়া যায়নি। 

উপজেলায় বিশেষ করে পবিত্র ঈদ-উল-আযহা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাতে যাতায়াতকারী যানবাহন ও পথচারীদের গতিরোধ করে দুর্বৃত্তরা চুরি, ছিনতাই, ডাকাতি অজ্ঞান বা মলম পার্টিসহ নানা অপরাধ প্রবণতা চালাতো। ফলে মহাসড়ক, সংযোগ সহ আঞ্চলিক সড়কগুলো দিয়ে সন্ধ্যার পর যানবাহন ও পথচারীরা যাতায়াতে নিরাপত্তাহীনতায় পড়েন। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সমগ্র উপজেলায় পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, এই উপজেলায় গোহাটি, ঢাকা সহ দেশ ও বিদেশ থেকে আসা চাকরিজীবি ও সাধারণ জনসাধারণকে নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী এবং গোয়ন্দা শাখার নজরদারি সহ যথাসম্ভব সবকিছুই করা হচ্ছে। তিনি উপজেলাবাসীকে সচেতন থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।

(বিএস/এসপি/মে ১৭, ২০২৬)