জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
এবার জেলায় কৃষকদের কাছ থেকে প্রতি মণ ১৪৪০ টাকা দরে ৩৫৫০ মে. টন বোরো ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১২৫৪ মে. টন সিদ্ধ চাল ও প্রতি কেজি ৪৮ টাকা দরে ৮৮ মে. টন আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বোরো ধানচাল সংগ্রহের এই অভিযান।
আজ রবিবার দুপুরে সিংহজানী এলএসডি-১ গোডাউনে এ ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় সিংহজানী খাদ্য গুদাম-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) ইসরাত আহাম্মেদ পাপেল, সিংহজানী এলএসডি-১ গুদামের খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
(আরআর/এসপি/মে ১৭, ২০২৬)
