কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে ব্যাংকটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের বিস্তৃত শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহকদের ঋণের কিস্তি ও আমানতের অর্থ সংগ্রহ করা হবে। একইসঙ্গে লেনদেনের তাৎক্ষণিক হালনাগাদ ও রিকনসিলিয়েশন নিশ্চিত করতে ব্যাংক দুটির সিস্টেমের মধ্যে এপিআই সংযোগ স্থাপন করা হবে।
এই অংশীদারিত্বের ফলে কর্মসংস্থান ব্যাংকের প্রায় ২৩ লাখ গ্রাহক রিয়েল-টাইমে ঋণের কিস্তি ও আমানতের অর্থ জমা দেওয়ার সুবিধা পাবেন, যা আর্থিক লেনদেনে আরও বেশি সুবিধা ও কার্যকারিতা নিশ্চিত করবে।
৬ মে ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ এবং কর্মসংস্থান ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেহের সুলতানা।
এই চুক্তির প্রসঙ্গে মো. শাহীন ইকবাল সিএফ বলেন, “গ্রাহকদের কার্যকর ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে ধারাবাহিকভাবে আমরা আমাদের প্রযুক্তি সক্ষমতা ও দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে কাজে লাগাচ্ছি। কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব কালেকশন কার্যক্রমে দক্ষতা বাড়াবে, গ্রাহকসেবা আরও সহজ করবে এবং রিয়েল-টাইম ডিজিটাল সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলাম মিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ, ক্যাশ ম্যানেজমেন্টের ইউনিট হেড মো. মাশফিকুজ্জামান এবং রিলেশনশিপ ম্যানেজার রতন পোদ্দার।
এই উদ্যোগটি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্যাংক দুটির অভিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন।
(পিআর/এসপি/মে ১৭, ২০২৬)
