‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নেওয়াজ আহমেদ।
গতকাল রবিবার মুকসুদপুর উপজেলার সদর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেওয়াজ আহমেদ উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মুক্তার শেখের ছেলে। তিনি ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গোপনে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।
বিষয়টি জানতে পেরে মুকসুদপুর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর সদর বাজারে অভিযান চালান। সেখান থেকে নেওয়াজ আহমেদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর নেওয়াজকে মুকসুদপুর থানা হেফাজতে রাখা হয়। সারারাত থানা হাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (১৮ মে) দুপুরের দিকে তাকে কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
(টিবি/এসপি/মে ১৮, ২০২৬)
