অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫৬ অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার পেলো ২টি করে ছাগল ও ৫টি করে প্লাস্টিকের ম্যাট। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫৬ পরিবারের মাঝে মোট ১১২ টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার সকালে প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ছাগল ও উপকরণ বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।

তবে ছাগল ও উপকরণ পেলেও এই প্যাকেজের আওতায় ৫০ কেজি করে ছাগলের খাদ্য, ২টি টিন ও ৪টি করে পিলার উপকারভোগীরা পাননি। এতে ছাগল বাড়িতে নিয়ে গেলেও তা পালন ও পরিচর্যার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে অসহায় ও দরিদ্র সংশ্লিষ্ট উপকারভোগীরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্থানীয় নেতা সুনীল কুমার ক্ষোভের সাথে বলেন, এই ছাগল কোথায় নিয়ে রাখবো? ছাগল পালনের ঘর তৈরির উপকরণ ও খাদ্য না দিলে অনেকেই দুই একদিন পর লালন করতে না পেরে বিক্রিও করে দিতে পারে। ফলে এই প্রকল্পের উদ্দেশ্য বিফল হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী বলেন, ভেন্ডর শুধু ছাগল ও ম্যাট সরবরাহ করেছে। আমরা তা-ই দিয়েছি। অন্যান্য উপকরণের জন্য যোগাযোগ করা হয়েছে, শীঘ্রই সরবরাহ করলে আমরা তা দ্রুত সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে বিতরণ করবো।

(এডিকে/এসপি/মে ১৮, ২০২৬)