রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার সময় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা  গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

এদিকে সোমবার দুপুর দুটোর দিকে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে এলে ক্ষুব্ধ এলাকাবাসী বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তার অফিস ঘেরাও করে দুই ঘণ্টাব্যাপি ভাঙচুর চালায়।

আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, আব্দুস সেলিম ও রমজান জানান, আমিনুরসহ তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে যান। সোমবার সকাল ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদেরকে দাঁড়াতে বলেন। কিন্তু বনদস্যু না পুলিশ এটা বুঝতে নির্দেশনা মানতে গড়িমসি করায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, এ বিষয়ে তাদেরকে এখনো কেউ কিছু জানায়নি। তবে আমিনুর রহমানের লাশ এলাকায় পৌঁছানোর পর বিকেলে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী তার অফিস ঘেরাও করে ভাংচুর চালায়। বিজিবি ও পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, আমিনুর রহমান নামের এক কাঁকড়া আহরণকারি স্মার্ট টিম এর গুলিতে মারা যাওয়ার খবরে ক্ষুব্ধ এলাকাবাসী বুড়িগোলালিনি স্টেশন কর্মকর্তার অফিসে ভাংচুর চালালে পুলিশ ও বিজিবি যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনা রেঞ্জের বিভাগীয় বনকর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে বনবিভাগের গুলিতেদ জেলের মৃত্যুর বিষয়টি ঠিক নয়। খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/মে ১৮, ২০২৬)