সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লিপি আক্তার (৪৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার হাতকোপা মোল্লাবাড়ী এলাকার বাসিন্দা লিপি আক্তারের স্বামী আবু জাহের মোল্লার সঙ্গে তার বড় ভাই আবুল কাশেম মোল্লার দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে প্রায়ই ভয়ভীতি, মারধর ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কাশেম মোল্লা, তার দুই ছেলে আমিরুল হাসান সজিব ও আমিনুল হাসান সবুজসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে জোর পূর্বক আবু জাহের মোল্লার বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় আবু জাহের মোল্লা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বড় মেয়ে ফারিয়া আক্তার লুবনা (২৪), সামিয়া জাহান (২০), জারা (১৩) ও সারা (১১)কেও মারধর করা হয়।
ভুক্তভোগীদের দাবি, তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা আবু জাহের মোল্লাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিপি আক্তার।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এবি/এসপি/মে ১৮, ২০২৬)
