যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সেই মামলার বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই আদেশে মামলার একমাত্র আসামি শ্বশুরকে জামিন দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে এই আদেশ দেন ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের ওই পুত্রবধূ তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। ঘটনার পর পুলিশ অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেপ্তারও করে।
তবে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। পরে আদালত বাদী পুত্রবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, “তদন্তে অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে কারাগারে পাঠিয়েছেন এবং আসামির জামিন মঞ্জুর করেছেন।”
(এস/এসপি/মে ১৮, ২০২৬)
