ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রথমবারের মতো জাপানিজ ভাষা শিক্ষায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র Comorebi LANGUAGE INSTITUTE-এর শাখা উদ্বোধন করা হয়েছে। বিদেশি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান না থাকার শূন্যতা পূরণে এই উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন।

গত শনিবার বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড়ের সদর পুলিশ ফাঁড়ির পেছনে সিকদার মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া-মিলাদ ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝালকাঠি শাখার পরিচালক মেহেদী হাসান নিশাদ। জাপান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক, ঝালকাঠির কৃতি সন্তান নাজমুল হাসান, মৃধা ইব্রাহিম, ও ইমরান আল ইমু।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি এমদাদুল হক স্বপন এবং ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম রেজাউল করিম।

জাপানি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা ও বৈশ্বিক গুরুত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানি ভাষা শুধু একটি ভাষা নয়—এটি শিক্ষা, ক্যারিয়ার, আন্তর্জাতিক স্কলারশিপ, প্রযুক্তি, গবেষণা এবং উচ্চ আয়ভিত্তিক কর্মসংস্থানের একটি বড় দরজা খুলে দেয়।

তাদের মতে— জাপান বর্তমানে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে ব্যাপক সুযোগ দিচ্ছে। দেশটি বিশ্বের অন্যতম উন্নত শিক্ষা ব্যবস্থা ও উচ্চ প্রযুক্তির কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। জাপানি ভাষায় দক্ষতা থাকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, উচ্চশিক্ষা ও এক্সচেঞ্জ প্রোগ্রামে যোগদানের সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়। আইটি কোম্পানি, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, গার্মেন্টস, টেকনিক্যাল সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
জাপানের বিশ্বখ্যাত প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগও তৈরি হয় দক্ষ ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের জন্য।

বক্তারা আরও বলেন, আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বিদেশি ভাষায় দক্ষতা অপরিহার্য। বিশেষ করে জাপানি ভাষা শেখা তরুণদের সামনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে।

(এস/এসপি/মে ১৮, ২০২৬)