ছাত্রদল নেতার নির্যাতনের প্রতিবাদে তরুণের সংবাদ সম্মেলন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভি তালুকদার (১৮) নামে এক তরুণ।
আজ মঙ্গলবার সকালের দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ওই তরুণ।
অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব তালুকদার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ায় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের টোকন তালুকদারের ছেলে। সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগকারী অভি তালুকদার একই গ্রামের মৃত বিপ্লব তালুকদারের ছেলে।
সংবাদ সম্মেলনে অভি তালুকদার লিখিত বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা লাবিব ভাই আমাদের বয়সে সিনিয়র । তাকে আমি সম্মান করি। কিন্তু সম্প্রতি তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দীর্ঘ যাবত আমার সাথে বাকবিতন্ডা করে আসছেন। এমন কি বিভিন্ন সময়ে আমার কাছে বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছেন। সোমবার (১৮ মে) সকালে আমি বাঁশবাড়িয়া ডঃ ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পাশে একটি দোকানে বসে গেমস খেলছিলাম। হটাৎ লাবিব তালুকদার সেখানে আমাকে পূর্ব এসে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে। পরে আমিও কথার উত্তর দিলে উত্তেজিত হয়ে একপর্যায়ে আমাকে মারধর করে ও হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে আমার মা সাবানা আক্তার সোমবার টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন।
এ ব্যাপারে তিনি বলেন, অভি আমাদের এলাকার ছোট ভাই। গত কয়েকদিন আগে আমার ইউনিয়ন ছাত্রদল নেতা শাহেদ তালুকদারকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওদের মধ্যে বাকবিতন্ডা হয়। এছাড়া অভি অন্য ছাত্রদল নেতাদের সাথেও বাক বিতন্ডায় জড়িয়েছে। আমি বিষয়টি জানার জন্য আমি সোমবার অভির কাছে যাই। তার সাথে এ ব্যাপারে আমার কথা হয়েছে, কোনো মারামারি হয়নি। আমি তাকে এসব পোস্ট দিতে নিষেধ করেছি। এসময় ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খান বলেন, অভিযুক্ত ও অভিযোগকারী দু’জনই আমাদের কাছের মানুষ। তবে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমি জানতে পেরেছি। বিষয়টি আলোচনা সাপেক্ষে মিমাংসার চেষ্টা করছি।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা অভিযোগটি আমলে নিয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/মে ১৯, ২০২৬)
