হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুসের বিচার দাবি
স্টাফ রিপোর্টার : সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ আগাম বন্যা ও বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ ও রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া এবং হামের টিকা নিয়ে অবহেলায় শিশু মৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তাঁর স্বাস্থ্য উপদেষ্টাকে বিচারের আওতায় আনার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে হতাশার নদীতে ফেলে রেখে গেছে। বিশেষ করে ষড়যন্ত্রমূলকভাবে শিশুদের হামের টিকা আমদানি না করে কোমলমতি শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর দায় ড. মোহাম্মদ ইউনুস ও তার স্বাস্থ্য উপদেষ্টা কে নিতে হবে।
গনতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট, সুনামগজ্ঞ, কিশোরগঞ্জ সহ সারাদেশের আগাম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মনে করিয়ে দিতে চাই, রক্ত দিয়ে প্রণয়নকৃত প্রাণের দাবি ৩১ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দেশ ও জাতি ৩১ দফার খবর জানতে চায়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম। বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সভাপতি কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী আদনান তাজীম তুষার, যুগ্ম মহাসচিব আমানত উল্লা আমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ রেজা। আরো উপস্থিত ছিলেন সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহবায়ক আবুল কালাম আজাদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
(পিআর/এসপি/মে ১৯, ২০২৬)
