বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন
বিকাশ স্বর্ণকার, বগুড়া : নবগঠিত বগুড়া সিটি করপোরেশন এর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। আজ মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রশাসক পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন এম আর ইসলাম স্বাধীন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মীর শাহে আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।
এদিকে বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নিয়োগ বিষয়ে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
(বিএস/এসপি/মে ১৯, ২০২৬)
