আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নেকমরদ ও গোগরের দুটি ফিলিং ষ্টেশনে পেট্টোল ও ডিজেলে ওজনে কম দেওয়ায় ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অর্থদণ্ডের রায় দেন এবং তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করেন।

দণ্ডপ্রাপ্ত দুটি ফিলিং ষ্টেশনের হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশন।

চলমান তেল সংকটে বারবার তেল কম দেওয়ার অভিযোগ উঠেছে পাম্প মালিকদের বিরুদ্ধে। নেকমরদ বাজারের পাম্প থেকে তেল নেওয়া একাধিক গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, তারা বার বার অভিযোগ করেও পরিমানে কম দেওয়া ঠেকানো যাচ্ছে না। এ জন্য উপজেলা প্রশাসনকে মাঠ পর্যায়ে তদারকি করার অনুরোধ জানিয়েছেন গ্রাহকরা।

গ্রাহকরা অভিযোগ করেন, তেল নিতে এখনো হয়রানির শিকার হতে হচ্ছে। পর্যাপ্ত তেল থাকলেও ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে তেল পাচ্ছে না। অন্য দিকে অতিরিক্ত টাকা দিলেই নিয়ম ভেংগে খুব কম সময়ে তেল দেওয়া হচ্ছে।

রানীসংকৈল উপজেলা নির্বাহি অফিসার খাদিজা বেগম জানান, আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। সবাই যেন সুন্দর ভাবে তেল পায় এ জন্য কাজ করছি।

তবে সরেজমিনে দেখা যায়, রাণীশংকৈল এর প্রতিটি তেল পাম্পেই বিশৃংখলভাবে পরিচালিত হচ্ছে। কোন রকমের নিয়ম মানা হচ্ছে না যে যেভাবে পারছে গায়ে জোর দেখিয়ে তেল নিচ্ছে।যার ফলে সাধারণ গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও তেল পাচ্ছে না।

(এআই/এসপি/মে ১৯, ২০২৬)