দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইসা নামে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। মৃত রাইসা ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর গ্রামের রাব্বি শেখের সন্তান।

এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ মে বিকেলে হামের উপসর্গ নিয়ে রাইসাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৮ মে) দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৫৫ জন শিশুসহ মোট ১৬১ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জ্বর, সর্দি-কাশি ও হামের উপসর্গ নিয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

চলতি বছরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মোট ১১ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে মাদারীপুরের ২ জন, ফরিদপুরের ৩ জন, গোপালগঞ্জের ৩ জন এবং রাজবাড়ী, মাগুরা ও যশোরের একজন করে শিশু রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, গত ২০ এপ্রিল থেকে সারা দেশের মতো ফরিদপুরেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলমান রয়েছে, যা আগামী ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। এ কর্মসূচির আওতায় জেলায় মোট ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্র, ইপিআই কেন্দ্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলায় মোট ২ হাজার ৬৯৩টি কেন্দ্রে হাম-রুবেলার টিকা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

(ডিসি/এসপি/মে ১৯, ২০২৬)