অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে একই সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর পূর্ণকলস এলাকার মিন্টু হোসেনের ছেলে আরাফাত (১১) ও প্রতিবেশী রাজু আহমেদ এর ছেলে নূর মোহাম্মদ (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এসময় আরাফাতের নানা ওই দুই শিশুকে পুকুরের পাশে খেলতে দেখেছিলেন বলে জানান। তখনই সবার ধারণা শিশু দুটি পুকুরের পানির ওপর ভেসে থাকা কলার গাছে উঠে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নীচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই ঘটনা অবগত হয়েছি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(এডিকে/এসপি/মে ১৯, ২০২৬)