গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

৫ দিন আগে গত ১৫ মে "Suvo Da" নামের ফেসবুক আইডি থেকে ৭ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়।মুহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তবে জামাল শেখের দাবি ভিডিওটি ২০২২ সালের।

নাম প্রকাশে না করার শর্তে পৌরসভার এক কর্মচারী জানান, Suvo Da নামের আইডি থেকে ভিডিওটি পোস্ট করার পর মূহুর্তেই তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ওই আইডি থেকে ভিডিওটি ডিলিট দিলেও অনেকে সংরক্ষণ করে রেখে দেয়। আর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা‌ চলতে থাকে। তখন থেকে আজ বুধবার পর্যন্ত কর্মস্থলে নামমাত্র হাজিরা দিয়ে, ভিডিওর বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী নেতাদের পিছে দৌড়াদৌড়ি করছেন পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখ।

এবিষয়ে জানতে ভিডিওতে থাকা মহিলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে ওই নারীর ভাই পরিচয়ে সুজন নামের এক ব্যক্তি বলেন, পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখ (বি জামাল) চাকরি দেয়ার প্রলোভন দিয়ে আমার বোনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আর চাকরির প্রলোভন দেখিয়ে একাধিকবার অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। বিষয়টি বোনের প্রবাসী স্বামী জানতে পেরে তাকে ডিভোর্স দিয়েছে। জামালের জন্য তার সংসার ভাঙলো, আর টাকাও ফেরত পেল না। শীঘ্রই এ ব্যাপারে তার বোন মামলা করবে বলেও জানান তিনি।

তবে পাম্প অপারেটর জামাল শেখ উল্টো অভিযোগ করে বলেন, ভিডিওর ঘটনাটি ২০২২ সালের। মহিলাটি নিজে ভিডিও ধারন করে আমাকে ব্লাকমেইল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে তিনি অন্য কারো সাথে বিয়ে করে সংসার করছেন বলেও দাবি করেন জামাল।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জহিরুল আলম বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/এসপি/মে ২০, ২০২৬)