স্টাফ রিপোর্টার : জনগণ ন্যায়বিচার পাচ্ছে না জানিয়ে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।’

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক পথসভায় হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আইসিইউর অভাব, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া, থানায় দালাল চক্র- এসব সমস্যা এখনো বহাল রয়েছে। সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান।’

তিনি অভিযোগ করেন, মানুষ মতপ্রকাশের স্বাধীনতা পাচ্ছে না। গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি, বরং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা অনেক সময় বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।

হাসনাত আবদুল্লাহ জানান, যতদিন পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত না হবে, ততদিন সরকারের সব উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একসময় এর জবাব দেবে। এসময় তিনি সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার আহ্বান।

(ওএস/এএস/মে ২১, ২০২৬)