ঈশ্বরদী প্রতিনিধি : পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ‘ESKuf’ উদ্ধার এবং এক যুবককে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের আউটার এলাকায় চলন্ত বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন তুসার আলী (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মালবাগডাঙ্গা এলাকার অসিকুল ইসলামের ছেলে।

পাকশী রেলওয়ে জেলা ডিবি সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে থানার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোসা. পারভীন আখতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বনলতা এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ২১ নম্বর সিটে বসা তুসার আলীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নেভি ব্লু রঙের লাগেজের ভেতর কম্বল ও লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ‘ESKuf’ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১০ হাজার মিলিলিটার বা ১০ লিটার তরল মাদকদ্রব্য ছিল। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

ঘটনার পর আটক ব্যক্তিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাকশী রেলওয়ে থানার পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসকেকে/এসপি/মে ২১, ২০২৬)