রবীন্দ্র সরোবরে আজ ‘রইদের গান’
বিনোদন ডেস্ক : মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। সিনেমা মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ এবং মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল হাওয়া টিম। গানগুলো ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। ‘রইদ’ সিনেমার প্রচারেও একইভাবে এগোচ্ছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।
ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ও তিনটি গান। মুক্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ‘রইদ–এর গান’ কনসার্ট করছে তারা। এরই অংশ হিসেবে আজ (২৮মে) শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে বসবে গানের আসর।
বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজনে পারফর্ম করবে মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। থাকবে রইদ সিনেমার টিম। ছবি মুক্তির আগের দিন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন মুক্তি পাবে রইদের পালা। যেখানে বলা হবে সিনেমার নানান বিষয়। ইতিমধ্যে মুক্তি পেয়েছে দুটি পালা।
প্রচারণার সবশেষ অবস্থা নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রবীন্দ্র সরোবরের পর আরও কয়েকটি আয়োজন রয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যাব আমরা। এখন তো ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে, তাই বাকিগুলোতে মুক্তির পরও আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
‘রইদ’ নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ।
(ওএস/এএস/মে ২২, ২০২৬)
