ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
ঝিনাইদহ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার হওয়ার পর বেলা ৩টার দিকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে এনসিপির এই নেতা লিখেছেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।’
তিনি আরও লিখেছেন, ‘প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে আমাদের তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিলঘুসি মারা হয়। এ সময় হামলাকারীরা আমাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।’
নাসীরুদ্দীন বলেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ নাসীরুদ্দীনের সঙ্গে কথা বলতে যান। এক পর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে পরে হামলা চালায়। এতে আহত হন এনসিপির তিনজন স্থানীয় নেতাকর্মী। এ ঘটনার পর বিক্ষোভ করেন দলটির নেতারা। তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, নামাজ পড়ে বের হয়ে দেখা করি এনসিপি নেতা নাসীরুদ্দীনের সঙ্গে। সে সময় তাকে অনুরোধ করি বিএনপির কোনো সিনিয়র নেতাদের চরিত্রহনন যেন না আপনি না করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা নাসীরুদ্দীনসহ তার কর্মীদের ওপর ডিম নিক্ষেপ করে। এ ঘটনার সঙ্গে আমার জড়িত থাকার প্রশ্ন আসে না।
এ ব্যাপারে সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন নামাজ পড়ে বের হওয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হন, তবে কেউ গুরুতর নয়। আহতদের পক্ষে থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
(এইচআর/এসপি/মে ২২, ২০২৬)
