দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধনের আয়োজন করে ‘প্রথম আলো বন্ধুসভা’ ফরিদপুর শাখা।

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামীর উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শিপ্রা রায়, নাট্য ব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা, প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম, মহিলা পরিষদ ফরিদপুরের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বিএফএফ-এর নির্বাহী সম্পাদক আনম ফজলুল হাদী এবং ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল। এছাড়া নারী নেত্রী আসমা আক্তার, রুমা সাহা, রুবিয়া মিল্লাত, ফরিদপুর চাঁদের হাটের সভাপতি মাহফুজ খান এবং নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুর জান্নাতও এতে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে শিশু ও নারীরা ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মস্থলে কিংবা জনপরিসরে—কোথাও নিরাপদ নয়। ধর্ষণ ও নিপীড়নের মতো অপরাধ সমাজকে এক গভীর সংকটে ফেলছে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

বক্তারা আরও উল্লেখ করেন, ধর্ষণের মতো অপরাধ সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও কলঙ্কজনক। আমাদের সন্তানরা এখন কোথাও নিরাপদ নেই। তাই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের জন্য সমাজকে বড় ধরনের ধাক্কা দেওয়া প্রয়োজন। এই ধরনের সহিংসতা যেকোনো পরিবারে ঘটতে পারে, তাই দল-মত নির্বিশেষে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর নতুন আইন প্রণয়ন করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।

(ডিসি/এসপি/মে ২২, ২০২৬)