দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। আজ শুক্রবার সকালের দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. বজলুর রশিদ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার টালীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে বজলুর রশিদকে আটক করা হয় এবং পরে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। র‍্যাব আরও জানায় যে, গ্রেফতারকৃত বজলুর রশিদের বিরুদ্ধে এর আগেও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব উল্লেখ করেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ডিসি/এসপি/মে ২২, ২০২৬)