‘ছাত্রলীগ-যুবলীগের কায়দায় চললে বিএনপির পতন আরও খারাপভাবে হবে’
স্টাফ রিপোর্টার : বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা যদি আগের মতো ছাত্রলীগ ও যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তবে তাদের পতন আওয়ামী লীগের চেয়েও খারাপভাবে হবে।
শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এনসিপির এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মতবিনিময় সভার ঘোষণার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সেখানে সন্ত্রাসী হামলা চালায়। জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়কসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল নেতারা সরাসরি এ হামলায় সম্পৃক্ত ছিলেন।
এছাড়া কিছুদিন আগে শাহবাগ থানার ভেতরে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি।
রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করে সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী সেখানে গিয়ে সহমর্মিতা জানিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই।
কিন্তু এই সহমর্মিতা যদি একদিনের ইস্যু ধামাচাপা দেওয়ার খেলা হয় এবং আগামী ছয় মাসেও যদি বিচারের কোনো হদিস না পাওয়া যায়, তবে বাংলাদেশের জনগণ তা আর মেনে নেবে না।
এর আগে সংঘটিত আছিয়া হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, প্রথমে শুনলাম ৩০ দিন, তারপর ৯০ দিনের মধ্যে রায় কার্যকর হবে।
অথচ আজ ছয় মাস পার হয়ে গেলেও রায় কার্যকরের কোনো খবর নেই।
বিএনপির বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এ নেতা বলেন, বিএনপি পদে পদে তাদের দফা, গণভোট এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করছে। বিগত ১৭ বছর তারা চিৎকার করে বলেছে, তারা স্বাধীন ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয় চায়। কিন্তু ক্ষমতায় আসার পরপরই বিচার বিভাগকে কুক্ষিগত করতে ও নিজেদের ইশারায় সুপ্রিম কোর্ট চালাতে পৃথক সচিবালয়ের আইনটি বাতিল করে দিয়েছে।
সারজিস আলম বলেন, একদিকে স্বাধীন বিচার বিভাগের আইন বাতিল করা আর অন্যদিকে হত্যার দ্রুত বিচারের আশ্বাস দেওয়া বিএনপির সবচেয়ে বড় ভণ্ডামি।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়ার পরও কেন ওসমান হাদির হত্যাকারীরা বাংলাদেশে আসে না? কেন তাদের বিচার ও রায় কার্যকর হয় না? বিএনপি যদি মনে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর না করে এবং ওসমান হাদির হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করে পার পেয়ে যাবে, তবে তারা ভুল ভাবছে। এগুলো করে বিএনপি পার পাবে না।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ এখনও গঠিত হয়নি। তাই কথা বলা বন্ধ করা যাবে না। এখন পিছিয়ে গেলে ক্ষমতায় থাকা দলটি আরও বড় স্বৈরাচার হয়ে উঠবে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টা আর বরদাশত করা হবে না। রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
(ওএস/এএস/মে ২৩, ২০২৬)
