দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা তিনজনই কিশোর-তরুন।
শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার মোশাররফ হোসেন ছেলে আলামিন (১৫), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম( ২০)।
প্রত্যক্ষদর্শী শামসুল ইসলাম জানায়, দিনাজপুর গামী (ঢাকা মেট্রো ট -
২৪-২৫৫৯) মালবাহী ট্রাক ও মোটরসাইকেল লোকাল রোড থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে মহা সড়কে উঠার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের উপর পড়ে যায়। এতে মোটর সাইকেলে থাকা থাকা তিনজন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হয়। বাকি দুইজনকে ঘোড়াঘাটের ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনকেও মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শহিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর দু'জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘাতক ট্রাক, দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ঘাতক ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এসএএস/এএস/মে ২৩, ২০২৬)
