ঈশ্বরদী প্রতিনিধি : ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র.)-এর মাজারে ঘুমন্ত পাগল, ফকির, আশেকান ও জাকেরান ভক্তদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঈশ্বরদীতে গণজমায়েত, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দরবার ও মাজার সংরক্ষণ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দরবার ও মাজার সংরক্ষণ কমিটির আহ্বায়ক, হযরত কালাচাঁদ ফকির আওলিয়া মাজারের প্রধান খাদেম মো. রেজাউল করিম চিশতির সভাপতিত্বে এবং সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, কালাচাঁদ ফকির মাজারের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, কমিটির নির্বাহী সদস্য কমল মণ্ডল, ডা. আব্দুর রহমান ইউনুস, পাগল রিপন চিশতি, সিদ্দিক হোসেন, তানভীর আহমেদ রুমন, জসিম শেখ, শাহ সুফি হাফিজুর রহমান হাফিজ মওলাপুরী, মোখলেসুর রহমান চিশতি ও রাগিব আহসান রিজভী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, মিরপুরে শাহ আলী বাগদাদী (র.)-এর মাজারে ঘুমন্ত ভক্তদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যক্কারজনক। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোনো দরবার ও মাজারে যাতে এ ধরনের হামলার ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

পথসভায় বক্তারা আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এ সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিতে শত শত তরিকতপন্থি মানুষ অংশ নেন।

(এসকেকে/এসপি/মে ২৩, ২০২৬)