হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির (৩৫) বাদি হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল ও বাদির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে বাদির ওপর এনসিপি নেতাকর্মীরা হামলা ও হত্যার হুমকি দেয়।

ওসি মো. আসাদউজ্জামান বলেন, এনামুল কবির নামে একজন বাদি হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(এইচআর/এসপি/মে ২৩, ২০২৬)