রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আজ শনিবার দুপুরের দিকে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করে আঞ্চলিক বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ।

এ সার্ভিল্যান্স অভিযানে ইব্রাহিম ফিলিং স্টেশন, বাহিরদিয়া, কোমরপুর, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠানের পেট্রোল-১, পেট্রোল-২, অকটেন-১ ও ডিজেল-১ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে যথাক্রমে ৯০০ মিঃলিঃ, ৯০০ মিঃলিঃ, ৮৫০ মিঃলিঃ ও ৪৮০ মিঃলিঃ পরিমাপে কম পাওয়ায় তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনটির ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়।

আজ শনিবার বিকেলে 'দৈনিক বাংলা ৭১'কে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।

এ অভিযানের দায়িত্বে ছিলেন বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা মোসা. আলেয়া খাতুন, সহকারি পরিচালক (মেট) ও মো. খালিদ হাসান, পরিদর্শক (মেট) প্রমুখ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআই কর্মকর্তা কামাল হোসেন।

(আরআর/এসপি/মে ২৩, ২০২৬)