বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রবিবার সকালের দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো: রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই এলাকার মো: শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং মো: সোলায়মানের ছেলে সাইমন (১৪)। তারা তিনজনেই করোটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাসাইলের বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তাকবির মারা যায়। অপর দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সায়মনও।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
(এসএম/এসপি/মে ২৪, ২০২৬)
