দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শহরের কাটপট্টিস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খানসহ জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং উন্নয়ন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়েই তাঁর আদর্শ বাস্তবায়ন সম্ভব। একই সঙ্গে দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের শ্রম ও মেধাকে জাতীয় সম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/মে ৩০, ২০২৬)