শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দরের বিশিষ্ট চক্ষু সার্জন ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ (১৭) এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন ( ১৮)। দুজনেই আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আজাহারুল হক জানান, সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেওয়া ওই দুই শিক্ষার্থী গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা জানার পর দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা আহত দুইজিনকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। আইনগত প্রক্রিয়া চলছে।

(এসএস/এসপি/মে ৩১, ২০২৬)